প্রকাশিত: জুন ২৯, ২০২৬
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার সিনিয়র সাংবাদিকদের জড়িয়ে দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক আপত্তিকর ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বড়লেখা প্রেসক্লাব।
শনিবার (২৮ জুন) বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন কুলাউড়া উপজেলার চাতলাপুর বাজার ব্রিজ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সংবাদ কাভার শেষে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিকদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়েছে।
প্রেসক্লাবের নেতারা দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীর মাধ্যমে তারা জেনেছেন, ঘটনাটি একটি সামান্য ভুল বোঝাবুঝির জেরে সৃষ্টি হলেও তা পরে শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়। কিন্তু পরবর্তীতে একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং মৌলভীবাজারের কয়েকজন সিনিয়র সাংবাদিকের ছবি ও পরিচয় ব্যবহার করে তাদের ‘মাফিয়া গ্রুপ’ ও ‘স্বঘোষিত গডফাদার’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট ও অনলাইন সংবাদে একতরফাভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে এবং অভিযুক্ত বা সংশ্লিষ্ট সাংবাদিকদের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী।
বড়লেখা প্রেসক্লাবের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদ দ্রুত প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমাজের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ কামনা করছে বড়লেখা প্রেসক্লাব।


com”>DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.