প্রকাশিত: জুন ২৮, ২০২৬
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, জালালাবাদ কলেজের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট অঞ্চলে শিক্ষা বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। শিক্ষা, সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কর্মের মধ্য দিয়ে তিনি আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং জালালাবাদ কলেজ উইজডম ট্রাস্টের সদস্য প্রফেসর ডা. সৈয়দ মূসা এমএ কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, উইজডম ট্রাস্টের মেম্বার সেক্রেটারি ও জালালাবাদ কলেজ এডুকেশন ট্রাস্টের ডিরেক্টর ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ট্রাস্টের সদস্য, শিক্ষাবিদ ও ব্যাংকার বদরুল আমিন হারুন। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মরহুমের ছেলে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নাজমুস সাকিব।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মূসা এমএ কাইয়ুম বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও সমান গুরুত্ব দিতেন। তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী নিঃস্বার্থভাবে শিক্ষা ও সমাজ সংস্কারে কাজ করে গেছেন। তাঁর হাত ধরেই এ অঞ্চলে অন্তত দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রাখছে।
ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সুদূরপ্রসারী চিন্তা নিয়ে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর রেখে যাওয়া এসব কাজ আমৃত্যু সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজের কো-অর্ডিনেটর প্রফেসর আয়েশা বেগম, সাবেক কো-অর্ডিনেটর আব্দুস শাকুর, প্রভাষক নজরুল ইসলাম, সাদিক আহমদ রুবেল, সালমা, ফাহিমা সুলতানা চৌধুরী, তাহসিন সিদ্দিকা, জামিল আহমদ, বেলাল আহমদ, মোশাহিদ আলী, ইফতেখার আহমদ চৌধুরী, ইসরাত জাহান নৌমিন, শর্মিষ্ঠা দাস ও মুহাইমিন হেলাল ইফাতসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে একই অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
The post জালালাবাদ কলেজে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত appeared first on DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.
সূত্র (Source): Daily Sylhet
এই সংবাদটি Daily Sylhet থেকে সংগ্রহ করা হয়েছে।