২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ইংল্যান্ড গ্রুপসেরা, কেইনের রেকর্ড

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রথমার্ধের সাদামাটা ইংল্যান্ড বিরতির পর মেলে ধরতে পারল নিজেদের। গোল করলেন ও করালেন জুড বেলিংহ্যাম। গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেইন। পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হলো ইংল্যান্ড।

নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের সেরা হলো ইংল্যান্ড। তিন ম্যাচেই হেরে অভিযান শেষ হলো পানামার।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে, ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঘানা, তারাও পরের ধাপে পৌঁছেছে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে।

প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের আট শটের চারটি লক্ষ্যে ছিল, দুটি সফল।

দুই উইংয়ে মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকাকে বেশ ক্ষিপ্র দেখা যায়। অষ্টম মিনিটে বাঁ দিকের বক্সের বাইরে একজনকে কাটিয়ে জোরাল নিচু শট নেন রাশফোর্ড। ঝাঁপিয়ে ঠেকান পানামা গোলরক্ষক। পঞ্চদশ মিনিটে সাকার প্রচেষ্টাও রুখে দেন তিনি। বিরতির আগে রাশফোর্ডের একটি মুক্ত লাথি পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধে পানামা পাল্টা আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে হানা দেয় কয়েকবার। ২৬তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন হোসে লুইস রদ্রিগেস। দারুণ দক্ষতায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে জাল অক্ষত রাখেন জর্ডান পিকফোর্ড।

৬২তম মিনিটে অচলাবস্থা ভাঙতে পারে ইংল্যান্ড। সাকার কর্নারে কাছ থেকে ভলিতে দলকে এগিয়ে নেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ইংল্যান্ডের হয়ে ৫১ ম্যাচে বেলিংহ্যামের গোল হলো আটটি, যার পাঁচটি বড় টুর্নামেন্টে। এর মধ্যে বিশ্বকাপে তিনটি ও ইউরোতে দুটি। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।

৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বেলিংহ্যাম। বাঁ দিকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে তিনি বক্সে ক্রস দেন। সেই বল হেডে জালে পাঠান হ্যারি কেইন।

ইংল্যান্ডের সফলতম গোলস্কোরারের বিশ্বকাপে গোল হলো ১১টি। সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারের ছিল ১০টি। এবারের আসরে কেইনের গোলসংখ্যা দাঁড়াল তিনটিতে।

শেষ দিকে দুই গোলদাতাকেই তুলে নেন ইংল্যান্ড কোচ। ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মার্কাস রাশফোর্ড।

ইংল্যান্ডের শেষ বত্রিশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

The post ইংল্যান্ড গ্রুপসেরা, কেইনের রেকর্ড appeared first on DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.


সূত্র (Source): Daily Sylhet

এই সংবাদটি Daily Sylhet থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন