,

দীর্ঘ বিরতির পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬

সিলেট-ম্যানচেস্টার
ফেইসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দীর্ঘ বিরতির পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় চালু হওয়া এই রুটকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমানবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিপুলসংখ্যক প্রবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। সেই দাবি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এ রুটের ফ্লাইট যেন আর বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

মন্ত্রী জানান, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। প্রক্রিয়া শেষ হলে শিগগিরই এ রুটে ফ্লাইট চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়বে। পাশাপাশি সিলেটকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে সরকার কাজ করছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে কিছুটা সময় লাগলেও প্রবাসীদের কথা বিবেচনায় রেখে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হলে সিলেট-গুয়াহাটি সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হতে পারে। পাশাপাশি ভারতের আরও কয়েকটি শহরের সঙ্গে সিলেটের আকাশপথে যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও রয়েছে। এতে দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও সহজ হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ রোববার দুপুর ১২টায় ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


ফেইসবুকে শেয়ার করুন
14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন