স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
ম্যাচটিকে সামনে রেখে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট তাদের সুপারকম্পিউটারের পূর্বাভাস প্রকাশ করেছে। ২৫ হাজারেরও বেশি সিমুলেশনের ভিত্তিতে করা সেই বিশ্লেষণে জয়ের দৌড়ে এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে।
তবে নরওয়েকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। স্ট্রাইকার আর্লিং হলান্ডকে ঘিরে গড়ে ওঠা দলটি ইতোমধ্যেই নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলও আত্মবিশ্বাসী। দলটির আক্রমণভাগে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়, আর চোট কাটিয়ে রাফিনিয়ার দলে ফেরাও ব্রাজিলের জন্য ইতিবাচক খবর।
বিশ্লেষকদের মতে, ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের মতো তারকারা। তবে নকআউট পর্বের ম্যাচ হওয়ায় সামান্য ভুলও দুই দলের ভাগ্য বদলে দিতে পারে।
পরিসংখ্যান ব্রাজিলকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আজকের ৯০ মিনিটেই।
